২০২৭ সাল থেকে ৭০ টাকায় নিরাপদ চিনি—

অর্গানিক কৃষিতে নতুন দিগন্ত

  বিশেষ প্রতিনিধি    22-04-2026    496
২০২৭ সাল থেকে ৭০ টাকায় নিরাপদ চিনি—

২০২৭ সাল থেকে ৭০ টাকায় নিরাপদ চিনি—অর্গানিক কৃষিতে নতুন দিগন্ত।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজালমুক্ত খাদ্য সরবরাহের লক্ষ্যে অর্গানিক কৃষি খাতে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ২০২৭ সাল থেকে অর্গানিক কৃষি উদ্যোক্তাদের মাধ্যমে দেশের সাধারণ জনগণ প্রতি কেজি মাত্র ৭০ টাকায় নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত চিনি ক্রয় করতে পারবেন—ইনশাআল্লাহ।

আজ সকালে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ চূড়ান্ত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দেশের অর্গানিক কৃষি ও উৎপাদন খাতের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য— অর্গানিক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, নিখাদ অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হাছান আহমেদ মেহেদী, কৃষি বাংলা টিভির পরিচালক,ঢাকা সাংবাদিক ইউনিটির সম্পাদক, সাংবাদিক নেতা মোঃ আমিনুল হক ভূঁইয়া, সারাবাংলা কৃষি সংগঠনের মহাসচিব, ন্যাচারাল ফার্মিং এর পরিচালক, সুলতান আহমদ এবং বাংলাদেশ অর্গানিক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক নাসিরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন ধরে নিরাপদ খাদ্যের অভাব ও ভেজাল সমস্যার কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। অর্গানিক কৃষির প্রসার ঘটিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশীয় কৃষি খাত আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে অর্গানিক কৃষিভিত্তিক শিল্প (Agro-Industry) স্থাপন করা হবে। এর মাধ্যমে লক্ষাধিক নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 📅 আগামী ২৫ এপ্রিল মাননীয় মন্ত্রী মহোদয় পঞ্চগড় বিট সুগার মিল পরিদর্শন করবেন। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি, উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সরেজমিনে পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত চিনি সম্পূর্ণরূপে রাসায়নিকমুক্ত এবং স্বাস্থ্যসম্মত হওয়ায় এটি জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণ সাশ্রয়ী মূল্যে নিরাপদ চিনি পেতে সক্ষম হবে।

জাতীয়-এর আরও খবর