মতপ্রকাশের “অপরাধে” নারী অ্যাক্টিভিস্ট গ্রেফতার: রাতের আঁধারে তুলে নেওয়া—ভয়ের রাজনীতি নাকি রাষ্ট্রীয় দমন?

  বিশেষ প্রতিনিধি    07-04-2026    204
মতপ্রকাশের “অপরাধে” নারী অ্যাক্টিভিস্ট গ্রেফতার: রাতের আঁধারে তুলে নেওয়া—ভয়ের রাজনীতি নাকি রাষ্ট্রীয় দমন?

ভোলায় মতপ্রকাশের “অপরাধে” নারী অ্যাক্টিভিস্ট গ্রেফতার: রাতের আঁধারে তুলে নেওয়া—ভয়ের রাজনীতি নাকি রাষ্ট্রীয় দমন?

নিজস্ব প্রতিবেদকঃ ভোলায় আবারও ঘটলো মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের এক উদ্বেগজনক ঘটনা। সাহসী নারী অ্যাক্টিভিস্ট Sawoda Sumi-কে ৫–৬ এপ্রিল ২০২৬ গভীর রাতে নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ—তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের জ্বালানি সংকট ও বিভিন্ন রাষ্ট্রীয় ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেছিলেন!

স্থানীয় সূত্রে জানা যায়, কোনো স্পষ্ট অভিযোগ বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করা হয় এবং পরবর্তীতে ফৌজদারি কার্যবিধির বহুল সমালোচিত ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। প্রশ্ন উঠেছে—এটি কি আইনের যথাযথ প্রয়োগ, নাকি ভিন্নমত দমনের একটি পুরনো কৌশল?

বিশ্লেষকদের মতে, ৫৪ ধারার অপব্যবহার দীর্ঘদিন ধরেই বিতর্কিত। অথচ সেই একই ধারা ব্যবহার করে একজন নারীকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নেওয়া—এটি শুধু আইনি নয়, মানবিক দিক থেকেও চরম উদ্বেগজনক।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি-এর মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন,

“মতপ্রকাশ কোনো অপরাধ নয়—এটি একটি মৌলিক অধিকার। একজন নারীকে ভয় দেখিয়ে, রাতের আঁধারে গ্রেফতার করে রাষ্ট্র আসলে কী বার্তা দিতে চায়? এটি কি গণতন্ত্র, নাকি ধীরে ধীরে গড়ে ওঠা ভয়ের শাসনব্যবস্থা?”

তিনি আরও অভিযোগ করেন, “দেশের বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনা ঘটছে, যা স্পষ্টভাবে নির্দেশ করে—ভিন্নমত সহ্য করার মানসিকতা ক্রমেই সংকুচিত হচ্ছে। এটি রাষ্ট্র ও জনগণের মধ্যকার আস্থার সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।” এই প্রেক্ষাপটে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—

“আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে, অন্যথায় বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করা হবে। একইসাথে অবিলম্বে Sawoda Sumi-এর জামিন নিশ্চিত করতে হবে এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

মানবাধিকার কর্মীরা বলছেন, আজ যদি একজনের কণ্ঠরোধ করা হয়, কাল তা হাজার মানুষের ওপর নেমে আসতে পারে। প্রশ্ন এখন একটাই—রাষ্ট্র কি নাগরিকের কণ্ঠ শুনবে, নাকি তা স্তব্ধ করে দেবে?

জাতীয়-এর আরও খবর