সুস্থ দেহ, সুস্থ মন—রমনা সমাজকল্যাণ সোসাইটির ম্যারাথনে জনতার ঢল।

  বিশেষ প্রতিনিধি    15-10-2026    260
সুস্থ দেহ, সুস্থ মন—রমনা সমাজকল্যাণ সোসাইটির ম্যারাথনে জনতার ঢল।

সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন” স্লোগানে রাজধানীতে রমনা সমাজকল্যাণ সোসাইটির ম্যারাথন।

পাঁচ শতাধিক নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: “সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন” স্লোগানকে সামনে রেখে রাজধানীতে ম্যারাথন কর্মসূচি পালন করেছে রমনা সমাজকল্যাণ সোসাইটি। সুস্থ দেহ, সুস্থ মন এবং স্বাস্থ্যসচেতন নাগরিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে ম্যারাথনটি শুরু হয়। এরপর বেইলি রোড ও মিন্টো রোড হয়ে অংশগ্রহণকারীরা রমনা পার্ক প্রদক্ষিণ করে যমুনার সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন। রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে অনুষ্ঠিত এ ম্যারাথনে অংশগ্রহণ করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন এবং সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন, আবু মুসাসহ সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্যরা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির (IMJS) মহাসচিব ডা. হাছান আহমেদ মেহেদী।

রমনাবাসীদের অংশগ্রহণে আয়োজিত এ ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল নিয়মিত শরীরচর্চার প্রতি মানুষকে উৎসাহিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা। আয়োজকদের মতে, নিয়মিত হাঁটা ও দৌড়ানোর অভ্যাস মানুষের শারীরিক সুস্থতা বজায় রাখতে এবং একটি স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আব্দুস সাত্তার সুমন বলেন রমনা ১৯ নম্বর ওয়ার্ডে সার্বজনীন স্বাস্থ্যশিক্ষার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরা হয়।

রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান আবদুস সাত্তার সুমন আরো বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, জনকল্যাণ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে তাঁরা সব সময় কাজ করে যেতে চান। তিনি বলেন, “মানুষের অধিকার বাস্তবায়নে সব সময় পাশে থাকব, ইনশাআল্লাহ।

“সুস্থ দেহ, সুস্থ মন—সুস্থ থাকুন সারাক্ষণ” স্লোগানকে ধারণ করে আয়োজিত এ কর্মসূচি নাগরিকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর